

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা এক ভয়ংকর সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। সিলেটের শ্রীমঙ্গলে একটি নাটকের শুটিং শেষ করে ঢাকা ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব মেঘনা সেতু পার হয়ে নাটাল মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ভৈরব ব্রিজের টোল প্লাজার কাছে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান অভিনেত্রীর গাড়িকে সজোরে ধাক্কা দেয়।
এতে গাড়িটির সামনের বাম্পার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ভাগ্যক্রমে তিশাসহ গাড়িতে থাকা অন্য কেউ আহত হননি।
ঘটনার পরপরই ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানটি ভৈরব ফেরিঘাটের সড়কের দিকে পালিয়ে যায়। স্থানীয় হাইওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাৎক্ষণিকভাবে গাড়িটি আটক করা সম্ভব হয়নি।
পরে জানা যায়, পিকআপ ভ্যানটি স্থানীয় একটি বেকারির মালিকানাধীন। পুলিশ ব্যাকগ্রাউন্ড অনুসন্ধানের মাধ্যমে বেকারির এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে।
দুর্ঘটনার পর তাসনুভা তিশা ও তার সহযাত্রীরা প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। পরবর্তীতে ভৈরব হাইওয়ে থানা পুলিশ এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
আলোচনার পর তিশার গাড়ির ক্ষয়ক্ষতি বাবদ ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয় পিকআপ ভ্যানের মালিকপক্ষ। লিখিত আপসনামা স্বাক্ষরের মাধ্যমে ঘটনার শান্তিপূর্ণ নিষ্পত্তি ঘটে।
ভৈরব হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মেহেদি হাসান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল আসার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
গাড়িটি আটক করা সম্ভব না হলেও প্রতিনিধি মারফত দুই পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে বিষয়টি সুরহা করা হয়েছে। বড় কোনো শারীরিক ক্ষতি না হলেও মানসিকভাবে ধাক্কা সামলে অভিনেত্রীর বহর পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।


