রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুরু আইয়ুব বাচ্চুর নামে শিষ্য টুটুলের ব্যান্ড

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আইয়ুব বাচ্চু বাংলাদেশ সংগীতাঙ্গনের এক অবিসংবাদিত নাম। তিনি শুধু নিজেই কালজয়ী গান উপহার দেননি, বরং অনেক নতুন শিল্পীকেও পথ দেখিয়েছেন। তার অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় সংগীতাঙ্গনে সাফল্য পেয়েছেন অসংখ্য শিল্পী, যাদের মধ্যে অন্যতম পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক এস আই টুটুল।

আইয়ুব বাচ্চুকে নিজের 'গুরু' বলে মনে করেন টুটুল। দীর্ঘদিন তিনি বাচ্চুর প্রতিষ্ঠিত বিখ্যাত ব্যান্ড 'এলআরবি'-তে কি-বোর্ড বাজিয়েছেন। গুরুর স্মৃতিকে অম্লান রাখতে তার নামেই এবার ‘এবি কিং’ নামের নতুন একটি ব্যান্ড গঠন করেছেন তিনি। গত ১৬ আগস্ট, আইয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে ব্যান্ডটি শুরুর ঘোষণা দেওয়া হয়।

আমেরিকায় দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাসরত টুটুল সেখান থেকেই এই ব্যান্ড পরিচালনা করবেন। ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন:

এস আই টুটুল: কি-বোর্ড ও ভয়েস

নাফিজ আল আমিন: ড্রামস ও ভয়েস

ইফতেখার ইফতি: লিড গিটার ও ভয়েস

আকাশ আহসান: বেইস ও ভয়েস

ইশতিয়াক এ সিদ্দিকী: ব্যান্ড ম্যানেজার

ব্যান্ড গঠনের পর এবারই প্রথম তারা মঞ্চে নামতে যাচ্ছেন। আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হিউস্টনে 'সোনার বাংলা ফাউন্ডেশন' আয়োজিত একটি কনসার্টের মাধ্যমে 'এবি কিং'-এর অভিষেক ঘটবে। এরপর ভার্জিনিয়া, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তারা শো করবেন।

টুটুল জানিয়েছেন, ব্যান্ডটি শুধু কনসার্টেই সীমাবদ্ধ থাকবে না; এটি একটি পূর্ণাঙ্গ মিউজিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। নিজেদের মৌলিক নতুন গান তৈরির পাশাপাশি কিংবদন্তি আইয়ুব বাচ্চুসহ অন্যান্য গুণী শিল্পীদের গানও তারা পরিবেশন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন