

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সেলেনা গোমেজ, তার মা ম্যান্ডি টিফি এবং ব্যবসায়ী ড্যানি ট্রান যৌথভাবে প্রতিষ্ঠা করেছিলেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম 'ওয়ান্ডারমাইন্ড'। পাঁচ বছর পর সেই উদ্যোগকে কেন্দ্র করেই নতুন আইনি ও জনসংযোগ সংকটে পড়েছেন এই মার্কিন পপ তারকা ও অভিনেত্রী।
ডেলাওয়্যারের ফেডারেল আদালতে দায়ের করা একটি মামলায় বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন যে, ওয়ান্ডারমাইন্ডে অর্থ বিনিয়োগের সময় তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল- সামাজিক মাধ্যমে ৫৪ কোটিরও বেশি অনুসারী থাকা সেলেনা নিজেই ব্র্যান্ডটির বিপণন (মার্কেটিং) ব্যবস্থার মূল দায়িত্বে থাকবেন।
কিন্তু পরবর্তীতে সেলেনা সেই অনুযায়ী কাজ করেননি। পাশাপাশি প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাপ তৈরি সহ প্রাথমিক পরিকল্পনাগুলোর একটিও বাস্তবায়ন করা হয়নি। চুক্তিভঙ্গ এবং প্রায় ১২ লাখ (১.২ মিলিয়ন) ডলার জালিয়াতির কারণে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে বলে দাবি বিনিয়োগকারীদের।
অন্যদিকে, এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন সেলেনা গোমেজের আইনি দল। তার প্রধান আইনজীবী ম্যাথিউ রোজেনগার্ট আদালতে সেলেনার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, সেলেনা কখনোই কোম্পানির দৈনন্দিন প্রশাসনিক সিদ্ধান্ত বা কার্যক্রমে যুক্ত ছিলেন না। ফলে জালিয়াতির মতো অভিযোগে তাকে জড়ানো অন্যায্য। একই সাথে অযথা হয়রানি করার দায়ে বাদীপক্ষের বিরুদ্ধে উল্টো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই আইনজীবী।
আইনি লড়াইয়ের বাইরেও এই ঘটনা সেলেনার পারিবারিক ব্যবসায়িক সম্পর্ক ও ব্র্যান্ড ইমেজের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর বিশ্বব্যাপী সাফল্যের কারণে সেলেনার ব্যক্তিগত জনপ্রিয়তায় হয়তো বড় কোনো ধস নামবে না, তবে মা ম্যান্ডি টিফির সঙ্গে গড়ে তোলা এই যৌথ উদ্যোগ তাদের পারিবারিক ও ব্যবসায়িক ঝুঁকির জায়গাটি সামনে নিয়ে এসেছে।
বর্তমানে নিজের সুনাম ও পারিবারিক অবস্থান সুরক্ষিত রাখতে এই আইনি ঝামেলা থেকে দ্রুত নিষ্ক্রান্ত হওয়ার চেষ্টা চালাচ্ছেন এই অভিনেত্রী।


