

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রয়াত ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুর গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং তার স্মরণে জাদুঘর নির্মাণের তহবিল সংগ্রহে প্রকাশ করা হয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’।
২০টি জনপ্রিয় গান নিয়ে সাজানো এই প্রজেক্টে নতুন সংগীতায়োজনে কণ্ঠ দিচ্ছেন সমসাময়িক শিল্পীরা। তবে ১৬ আগস্ট বাচ্চুর জন্মদিনে বাপ্পা মজুমদারের ‘রুপালি গিটার’ দিয়ে যাত্রা শুরু করা অ্যালবামটি ইতিবাচক উদ্যোগের পাশাপাশি শুরু থেকেই জোর বিতর্কের মুখে পড়েছে।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে অদিত রহমানের গাওয়া ‘ঘুমন্ত শহরে’ গানটি। মূল সুর ও গায়কীতে পরিবর্তনের কারণে ক্ষুব্ধ ভক্তদের অভিযোগ- নিজের ঢং বসাতে গিয়ে গানের আসল আবেগ ও আবেদন নষ্ট করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রোতারা এটিকে আইয়ুব বাচ্চুর সৃষ্টির প্রতি অসম্মান হিসেবে দেখছেন এবং ইউটিউব থেকে গানটি সরিয়ে নেওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থার হুমকিও দিয়েছেন।
একই সময়ে বাচ্চুর স্মরণে মোল্লা বাবুর গাওয়া ‘কষ্ট কাকে বলে’ গানটি সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পেলেও, তিনি নিজে ‘উত্তরাধিকার’ প্রজেক্টের সুর ও সংগীতে মূল গানের অনুভূতি পাননি বলে জানান।
অন্যদিকে, এই প্রকল্প নিয়ে ভক্তদের তীব্র ক্ষোভের মুখে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও এলআরবি-র দীর্ঘদিনের সদস্য আবদুল্লাহ আল মাসুদ এক বার্তায় জানান- এই অ্যালবামের কোনো সিদ্ধান্ত বা কাজের সাথে তিনি বিন্দুমাত্র যুক্ত নন। আইয়ুব বাচ্চুর সৃষ্টির মর্যাদা যেন কখনো ক্ষুন্ন না হয়, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


