মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘গোপনে বিয়ে’র খবরে চটলেন পূজা চেরি, যা বললেন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০১:১৪ এএম আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:৫৯ এএম
অভিনেত্রী পূজা চেরী। ছবি: সংগৃহীত
expand
অভিনেত্রী পূজা চেরী। ছবি: সংগৃহীত

বিয়ে নিয়ে একের পর এক গুঞ্জন ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরী। নিজের বিয়ে নিয়ে ছড়ানো নানা খবরকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে তিনি জানিয়েছেন, এখনও তার বিয়ে হয়নি। একই সঙ্গে তথ্য যাচাই ছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১৮ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন পূজা চেরী।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি করা হচ্ছে, যা অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক।

পূজা চেরী জানান, এর আগেই একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবেই তার বিয়ে ঠিক করা হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই আনন্দের সঙ্গে সবাইকে বিষয়টি জানাবেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, বর্তমানে তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাকে ক্যামেরার সামনে কিছুটা অনুপস্থিত দেখা যাচ্ছে।

তথ্য যাচাই না করে বারবার তাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে সতর্ক করে পূজা চেরী বলেন, অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে।

ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে আইনগত ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি। এ ধরনের সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে নিজের আইনি অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলেও সতর্ক করেন পূজা চেরী।

গণমাধ্যমের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা যেন বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করেন এবং অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকেন।

সবশেষে সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানান এই অভিনেত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank