সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে কেমন কাটছে তারকাদের ঈদ?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০২:২৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

অনেক অভিনয়শিল্পী ক্যারিয়ারে প্রতিষ্ঠা পাওয়ার পরও বিদেশে পাড়ি জমিয়েছেন। সেখানে স্বামী-সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন।

পেশাগত বা ব্যক্তিগত কাজেও অনেক তারকা অভিনেত্রী দেশের বাইরে অবস্থান করছেন। স্বাভাবিকভাবে দূরদেশে ঈদুল ফিতর উদযাপন করছেন তারা। বিদেশের মাটিতে কেমন কাটছে এসব তারকাদের ঈদ, তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন—

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে। বিয়ের পর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। আপাতত সেখানে সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। পুত্রকে নিয়ে সেখানে ঈদুল ফিতর উদযাপন করছেন। ফেসবুকে বেশ কটি ছবি পোস্ট করে এই অভিনেত্রী বলেন, “ঈদ মোবারক!আপনাদের ভালোবাসাই আমার শক্তি। এই ঈদে সবার জীবন ভরে উঠুক আনন্দ, শান্তি আর সুখে। সবাইকে অনেক ভালোবাসা।”

অনেক দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত শোয়ে পারফর্ম করছেন। উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেছেন এই নায়ক। পাশাপাশি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রেও অভিনয় করছেন। ঈদুল ফিতর যুক্তরাষ্ট্রে উদযাপন করছেন। ঈদ আনন্দের বেশ কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন। তাতে আলোচিত এ নায়ক লেখেন, “ঈদ মোবারক! সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ আর সমৃদ্ধি। ভালোবাসা আর মানবিকতার বন্ধনে ভরে উঠুক প্রতিটি ঘর। সবাইকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা।”

দর্শকপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। মডেলিং, অভিনয় সবখানেই দ্যুতি ছড়িয়েছেন তিনি। শিমুলের সঙ্গে শ্রাবন্তীর হেনোলাক্সের বিজ্ঞাপনের কথা আজও মানুষ ভুলেননি। প্রথম সংসার ভাঙনের পর দীর্ঘদিন একা বসবাস করে ২০১০ সালের নভেম্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলমের সঙ্গে সংসার পাতেন শ্রাবন্তী। এরপর স্বামীর সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এ সংসারে শ্রাবন্তীর দুটি কন্যাসন্তান রয়েছে।

এ সংসারেও ভাঙন ধরেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সন্তান ও বন্ধুদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করছেন। নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, “ঈদ মোবারক। ঈদ শেষ।”

২০১২ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফ ফাসবির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল-অভিনেত্রী মোনালিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অভিনেত্রী। সেখানে ঘনিষ্ঠজনদের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন মোনালিসা। নিজের একাধিক স্থিরচিত্র তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এই অভিনেত্রী লেখেন, “আপনার হৃদয়ের গভীর থেকে আসা শুভেচ্ছাগুলো আপনার প্রকৃত সত্তার বহিঃপ্রকাশ। এই ধরনের আনন্দের জন্য কৃতজ্ঞ। সবাইকে ঈদ মোবারক।”

মডেল-অভিনেত্রী ঈশিকা খান। ২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এ অভিনেত্রী। এ দম্পতির ঘর আলো করে এসেছে তিন পুত্রসন্তান। স্বামী-সন্তান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগে করে নেন। তারই কিছু স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লেখেন, “সবাইকে ঈদ মোবারক।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন