শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ৩৭ হাজার ভোটের ব্যবধানে রুমিন ফারহানার বড় জয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ এএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা
expand
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন।

১৫১টি ভোটকেন্দ্রের ফলাফলে দেখা যায়, রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক) পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বেসরকারিভাবে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই শেষ হয়। তবে একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে প্রায় পাঁচ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। এ ছাড়া দুই কেন্দ্রে প্রার্থীদের কেন্দ্র পরিদর্শনকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয়।

সরাইল উপজেলা সদরের কাচারিপাড়া এলাকার সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন কেন্দ্রে সকাল আটটার দিকে ২ নম্বর বুথের পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ আসনে নয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আটজন। মূল লড়াই হয় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X