সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল-৩ ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে নির্বাচন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ–মুলাদী) নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা থাকা সত্ত্বেও দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অভিযোগ তুলে এবার ভোটাররা তাকিয়ে আছেন প্রার্থীদের প্রতিশ্রুতির দিকে। বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৮৯৬ জন। এর মধ্যে বাবুগঞ্জ উপজেলায় ভোটার ১ লাখ ৪৭ হাজার ৬৬১ জন। এখানে পুরুষ ভোটার ৭৩ হাজার ৬৮৬ জন এবং মহিলা ভোটার ৭৩ হাজার ৯৭৫ জন। অন্যদিকে মুলাদী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮০ হাজার ২৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৬৭৭ জন এবং মহিলা ভোটার ৮৮ হাজার ৫৫৭ জন।

রাজনৈতিক ইতিহাসে বরিশাল-৩ আসনটি সবসময়ই আলোচিত। বিএনপির মোশাররফ হোসেন মংগু ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে গোলাম কিবরিয়া টিপু (জাতীয় পার্টি), ২০১৪ সালে টিপু সুলতান (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি), ২০১৮ সালে গোলাম কিবরিয়া টিপু (জাতীয় পার্টি) এবং ২০২৪ সালেও গোলাম কিবরিয়া টিপু (জাতীয় পার্টি) সংসদ সদস্য নির্বাচিত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে এ আসনের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। পাশাপাশি ১০ দল মনোনীত আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রতীকে, জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু নাঙ্গল প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম হাতপাখা প্রতীকে এবং বাসদের আজমুল করিম জিহাদ মই প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন।

দীর্ঘদিনের শাসনের অবসানের পর এই আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। একই সঙ্গে ১০ দলীয় জোটের প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনী সমীকরণকে আরও জটিল করে তুলেছে। ফলে ভোটের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এত বড় বড় রাষ্ট্রীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়নি। তারা জানান, যিনি রাস্তা-ঘাট, ড্রেন ও কালভার্ট উন্নয়ন এবং বিশেষ করে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেবেন, ভোটাররা তাকেই সমর্থন দিতে আগ্রহী।

এই আসনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বরিশাল বিমানবন্দর, কৃষি কলেজ ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ ক্যাম্পাস এবং বরিশাল ক্যাডেট কলেজ।

নির্বাচনের আর মাত্র ১১ দিন বাকি। এরই মধ্যে প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, মাইকিং ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচার।

উন্নয়ন বঞ্চনার অভিযোগ আর নানা প্রতিশ্রুতির হিসাব—সব মিলিয়ে বরিশাল-৩ আসনে এবারের ভোটের লড়াই জমে উঠেছে। শেষ পর্যন্ত কার প্রতিশ্রুতিতে আস্থা রাখবেন ভোটাররা, সেটিই এখন দেখার অপেক্ষা। ভোটারদের মতে, এবার এই আসনে ত্রিমুখী লড়াইয়ের প্রবল সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বরিশাল-৩ আসন থেকে ১৯৭৩ সালে মোতাহার উদ্দিন (বাংলাদেশ আওয়ামী লীগ), ১৯৭৯ সালে এম. এম. নজরুল ইসলাম (বাংলাদেশ আওয়ামী লীগ), ১৯৮৬ সালে মো. আব্দুল বারেক (জাতীয় পার্টি), ১৯৯১ সালে মোশাররফ হোসেন মংগু (বিএনপি), ফেব্রুয়ারি ও জুন ১৯৯৬ এবং ২০০১ সালেও মোশাররফ হোসেন মংগু (বিএনপি) নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮, ২০১৮ ও ২০২৪ সালে গোলাম কিবরিয়া টিপু (জাতীয় পার্টি) এবং ২০১৪ সালে টিপু সুলতান (ওয়ার্কার্স পার্টি) সংসদ সদস্য নির্বাচিত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন