বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশের আগে প্রাথমিকের বৃত্তির ফল ফাঁস নিয়ে তোলপাড়

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই তা ফাঁস হওয়ার অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক ও অভিভাবকদের অনেকেই শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার তথ্য প্রকাশ করতে শুরু করলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

জানা গেছে, বৃহস্পতিবারই বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশ করা হতে পারে।

এরই মধ্যে নিজাম উদ্দিন জুয়েল নামে এক শিক্ষক ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, তার বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। শিক্ষকতা পেশায় সবচেয়ে বড় প্রাপ্তি। বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথমবারের মতো পাঁচজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।’

একইভাবে কামরুন নাহার কেয়া নামে এক অভিভাবকও ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ভাগনে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।’ এ ধরনের আরও বেশ কয়েকটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল’ শিরোনামে বিভাগ ও জেলাভিত্তিক ফলাফলের ক্যাটাগরি দেখা গেলেও সেখানে ক্লিক করে কোনো ফলাফল পাওয়া যায়নি। একইভাবে অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) ওয়েবসাইটেও বৃত্তি পরীক্ষার ফলসংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন, ফল প্রকাশের প্রস্তুতি চলছে।

বিকেলে অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার বলেন, বৃহস্পতিবার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশ করা হতে পারে।

এর আগে দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহীনা ফেরদৌসী বলেন, ‘আজ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হবে।’

ফল প্রকাশের আগেই সামাজিক মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের তথ্য ছড়িয়ে পড়ার ঘটনায় ফলাফলের গোপনীয়তা ও প্রকাশ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে কীভাবে এই তথ্য বাইরে এলো, সে বিষয়ে এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup