বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে ‌‘ধোঁয়াশা’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা না–রাখা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে বাংলাদেশ হাইকোর্ট নির্দেশনা দিলেও সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে এখনো পরিষ্কার কোনো ঘোষণা আসেনি। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করা হলেও এখনো শুনানি হয়নি। ফলে রোজায় স্কুলে কবে থেকে ছুটি কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, ‘আগের সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা ছিল। তবে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। পরে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন। এ অবস্থায় আপাতত স্কুল খোলা রয়েছে। আপিলের শুনানির পর আদালতের চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর এক কর্মকর্তা বলেন, ‘আগের আদেশ স্থগিত থাকায় মাধ্যমিক বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান চলছে। নতুন নির্দেশ এলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ মার্চ পর্যন্ত মাধ্যমিক স্তরের স্কুল খোলা থাকবে এবং ৮ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে এ সিদ্ধান্তে অনেক অভিভাবক ও শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা রমজানের শুরু থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়েছেন।

অন্যদিকে সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X