সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদরাসায় চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা, শিগগির বিজ্ঞপ্তি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
expand
মাদরাসায় চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা, শিগগির বিজ্ঞপ্তি

মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী ও বহুমুখী করতে দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকেই নবম শ্রেণিতে এই শাখা চালুর জন্য বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড প্রস্তুতি নিয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য আগামী সপ্তাহেই আবেদনসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক জানান, অতীতে মাদরাসাগুলোতে মূলত মানবিক শাখা চালু ছিল। পরে বিজ্ঞান বিভাগ চালু হলে মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার সুযোগ পায়। একই ধারাবাহিকতায় এবার ব্যবসায় শিক্ষা শাখা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “মাদরাসা শিক্ষার্থীরা যেন সমাজের সব ক্ষেত্রেই অবদান রাখতে পারে, সে জন্যই এ সিদ্ধান্ত। জানুয়ারি থেকে নবম শ্রেণিতে এই শাখা চালু করা হবে।”

বোর্ড চেয়ারম্যান আরও জানান, যেসব মাদরাসায় পর্যাপ্ত শিক্ষার্থী ও অবকাঠামো আছে—যেমন অষ্টম শ্রেণিতে অন্তত ১০০ জন ছাত্র, মানবিক ও বিজ্ঞান শাখা চালু আছে—তারা আবেদন করতে পারবে।

মিঞা মো. নূরুল হক বলেন, ব্যবসায় শিক্ষা শাখা চালু হলে শিক্ষক নিয়োগ এনটিআরসিএর (NTRCA) মাধ্যমে সময় সাপেক্ষ হতে পারে। তাই প্রাথমিকভাবে যেসব মাদরাসা পার্টটাইম শিক্ষক নিয়োগে সক্ষম, তারা আগে আবেদন করতে পারবে। যেসব প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ বা অবকাঠামো সংকট নেই, সেসব শর্তও বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।

তিনি আশ্বাস দেন, আবেদন যাচাই–বাছাই শেষে যাদের যোগ্যতা থাকবে, সংখ্যা যতই কম হোক না কেন, অনুমতি দেওয়া হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ জানান, ব্যবসায় শিক্ষা শাখার পাঠ্যক্রম ও বই ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বই প্রকাশের দায়িত্ব এনসিটিবির (NCTB) কাছে দেওয়া হবে। “আমরা এনসিটিবির কাছে বইয়ের পাণ্ডুলিপি হস্তান্তর করব,” তিনি বলেন।

তার ভাষ্য, আগের সরকারগুলোর বাধায় এতদিন এই শাখা চালু করা যায়নি। এখন ব্যবসায় শিক্ষাধারাকে ইসলামের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে। প্রথমে নবম শ্রেণি থেকে শুরু করে ধাপে ধাপে আলিম পর্যায় পর্যন্ত চালু হবে।

মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত এক নোটিসে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই মাদরাসাগুলোতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী বোর্ড প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এবং খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X