

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বৈরী আবহাওয়ার কারণে গত গত ১৩ জুলাইয়ে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করলে এসব পরীক্ষার্থী পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
শুক্রবার (২৪ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুযোগটি নিতে আগ্রহী পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। পরে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে নিবন্ধিত পরীক্ষার্থীদের তথ্য জরুরি ভিত্তিতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নিজ নিজ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠাতে হবে।
তবে এই সুযোগ সব পরীক্ষার্থীর জন্য নয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব শিক্ষার্থী প্রতিকূল আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, শুধু তারাই এ সুবিধা পাবেন।
সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষার্থীরা এ সুযোগের আওতায় থাকবেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীরাও নতুন করে নিবন্ধন করে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই দেশের বিভিন্ন এলাকায় বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। কোথাও সড়ক যোগাযোগ ব্যাহত হয়, আবার কোথাও প্রতিকূল পরিস্থিতির কারণে কেন্দ্রে উপস্থিত হওয়াই সম্ভব হয়নি। ফলে নির্ধারিত কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হন অনেক শিক্ষার্থী।