

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্বে আবারও আলোচনায় এসেছে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার স্থগিত হওয়া ‘ফিনালিসিমা’ ম্যাচটি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে ফুটবলপ্রেমীরা দেখতে পারেন ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়নের মর্যাদার লড়াই।
২০২৪ সালের কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন দুই দলকে নিয়ে এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা নতুন নয়। তবে নানা জটিলতায় এত দিন তা বাস্তব রূপ পায়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, এবার আবারও দুই মহাদেশীয় ফুটবল সংস্থা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে।
এর আগে ২০২৫ সালের ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয়। পরে মাঠ নির্বাচন নিয়েও তৈরি হয় মতবিরোধ।
স্পেনের পছন্দ ছিল নিজেদের ঘরের মাঠ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু। অন্যদিকে আর্জেন্টিনা চেয়েছিল বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে। দুই পক্ষের অবস্থান এক না হওয়ায় আটকে যায় আয়োজনের প্রক্রিয়া।
এখন নতুন সম্ভাবনা তৈরি হয়েছে ২০২৬ বিশ্বকাপের পরের সময়কে ঘিরে। জানা গেছে, ৯ থেকে ১৭ নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে ম্যাচটি আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ওই সময় দুই দলের সূচি তুলনামূলকভাবে সুবিধাজনক থাকায় আলোচনাও এগোচ্ছে।
তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কনমেবল বা উয়েফা। তারিখ, ভেন্যু কিংবা আয়োজনের বিস্তারিত বিষয়েও অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
যদি শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ায়, সেটি শুধু দুই চ্যাম্পিয়নের লড়াই হবে না; বরং হয়ে উঠতে পারে দুই প্রজন্মের ফুটবল দর্শনের মুখোমুখি হওয়া। একদিকে মেসির দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্ব, অন্যদিকে ইয়ামালের মতো নতুন প্রজন্মের তারকার উত্থান—ফুটবলপ্রেমীদের আগ্রহের বড় কারণ হতে পারে এই গল্পটিই।