

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আসাদুল আলম শেখের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতুর কথোপকথন ও সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির ছয় দফা দাবির মধ্যে রয়েছে জাকসু ও হল সংসদ নেতাদের আবাসনসংক্রান্ত বিতর্কিত প্রজ্ঞাপন প্রত্যাহার; কর্মচারী পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অসঙ্গতির অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন; অটোরিকশা ও দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ তদন্ত ও তা বন্ধ করা; ফজিলাতুন্নেছা হলের ভিপি এশী সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত; নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আসাদুল আলম শেখের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া; এবং আসাদুলের সঙ্গে চ্যাট ফাঁস ও কথোপকথনে জড়িত জাকসু ভিপিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির নেতারা বলেন, গত ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত দাবিগুলোর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি। প্রশাসন আবাসনসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। একইভাবে কর্মচারী পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অসঙ্গতি এবং অটোরিকশা ও দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগেরও তদন্ত হয়নি।
জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, আবাসনসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল এবং বিভিন্ন অভিযোগের তদন্তে প্রশাসনের গড়িমসি গ্রহণযোগ্য নয়। অভিযোগগুলোর বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।
অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমে প্রতি অটোরিকশা থেকে ১০ হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ এসেছে। এর সঙ্গে জাকসু ভিপিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও তদন্ত করতে হবে।
ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, ফজিলাতুন্নেছা হলের ভিপির বিরুদ্ধে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬০ হাজার টাকা নেওয়া এবং তা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে এসেছে। টেন্ডার ছাড়া জরুরি কাজ দেখিয়ে প্রকল্প বাস্তবায়ন ও অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগেরও স্বচ্ছ তদন্ত প্রয়োজন।
মানববন্ধনে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আসাদুল আলম শেখের কথোপকথন ও চ্যাট ফাঁসের অভিযোগের তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে আসাদুলের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা।

