

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের শিক্ষার্থী মো. রবিউস সানি জোহা এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের শিক্ষার্থী মো. মোজাহিদ হোসেন মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর নব-মনোনীত সাধারণ সম্পাদক মো. মোজাহিদ হোসেন বলেন, “তরুণ সমাজই দেশের মূল চালিকাশক্তি। সেই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থী এবং যারা লিখতে ভালোবাসেন ও লেখালেখিতে আগ্রহী, তাদের সৃজনশীল ও মুক্তচিন্তার লেখক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করা। যাতে আমরা সবাই আমাদের লেখনীর মাধ্যমে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারি। এ জন্য আমি সংগঠনের সকলের সহযোগিতা কামনা করছি।”
নব-মনোনীত সভাপতি মো. রবিউস সানি জোহা বলেন, “সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসে লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পথে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই। সৃজনশীলতা, মননশীলতা, উদ্ভাবনী চিন্তা ও ইতিবাচক কর্মকাণ্ডের সমন্বয়ে আমাদের শাখাকে একটি প্রাণবন্ত, আলোকিত ও সম্ভাবনাময় সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক পরিসর হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় আমাদের এই পথচলা আরও সমৃদ্ধ ও সফল হবে–এই প্রত্যাশা রাখি।”
প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, জাতীয় ও অনলাইন পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা, লেখালেখিবিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২টিরও বেশি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করছে তরুণ লেখকদের এই সংগঠনটি।


