

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেটের ৪৩-তম বার্ষিক সভা শুরু হয়েছে। এবারের অধিবেশনে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ভিপি-জিএসের অন্তর্ভুক্তির কথা থাকলেও ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ায় সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেটে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না নির্বাচিত জাকসুর সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস)।
শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ‘জান্নাতুল ফেরদৌস সিনেট হল’-এ সিনেটের ৪৩-তম বার্ষিক সভা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) মনোনীত শিক্ষার্থী প্রতিনিধিদের সিনেটে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারাবাহিকতায় নতুন অধ্যায়ের সূচনা হলেও এবারের সিনেট অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ পেয়েও অংশগ্রহণ করতে পারলো না সদ্য নির্বাচিত জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম।
এবারের বার্ষিক সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, প্রশাসনিক কর্মকাণ্ড, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া গত বছরের ২৮ জুন অনুষ্ঠিত সিনেটের ৪২-তম বার্ষিক সভার কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিতকরণের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জাকসু নির্বাচনের পর শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে জাকসুর ভিপি ও জিএস শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হলেও তাদের একাডেমিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তারা আর শিক্ষার্থী হিসেবে বিবেচিত নন। ফলে সিনেটের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে তাদের অংশগ্রহণের সুযোগ হয়নি।
বার্ষিক সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনেট সদস্য, মনোনীত প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।