

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর সাত কলেজের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা, রুটিন, ফলাফল, ট্রান্সক্রিপ্ট ও শিক্ষার্থী-সংক্রান্ত সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহার করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬’ (২০২৬ সনের ৭৮ নং আইন)-এর ধারা ৪(৩) অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজকে এই বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত বা অধিভুক্ত কলেজ হিসেবে গণ্য করা হয়েছে।
একই আইনের ৬ ও ৭ ধারা অনুযায়ী, সংযুক্ত এই কলেজগুলোর শিক্ষাদান, পাঠ্যক্রম, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন, একাডেমিক মান সংরক্ষণ এবং ডিগ্রি ও সনদ প্রদানসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম এই বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে। তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নির্ধারিত শিক্ষা কাঠামো ও কারিকুলামের আওতায় একাডেমিক কার্যক্রম সম্পন্ন করবেন এবং শর্ত পূরণ সাপেক্ষে এই বিশ্ববিদ্যালয় থেকেই মূল সনদ ও ডিগ্রি পাবেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এবং এর পরবর্তী সময়ে সব ধরনের একাডেমিক বিজ্ঞপ্তি, রুটিন, ফলাফল, ট্রান্সক্রিপ্ট, ওয়েবসাইট ও চিঠিপত্রে সংশ্লিষ্ট কলেজের নামের আগে বা সাথে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ যুক্ত করতে হবে।
উদাহরণ হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ সংযুক্ত: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।
উল্লেখ্য, প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহারের ঘটনায় ঢাকা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ ও পরীক্ষা বয়কটের ঘটনা ঘটে।
