

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনকালে কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক, অশালীন ও মারমুখী আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
একই সঙ্গে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মব সৃষ্টির অপচেষ্টাকেও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (১৯ মে) এক যৌথ বিবৃতিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ক্যাম্পাসে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ও সুস্থ পরিবেশের জন্য অপরিহার্য। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন কিংবা উসকানিমূলক বক্তব্য দিয়ে মব সৃষ্টির চেষ্টা চালানো স্বাধীন সাংবাদিকতার নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী এবং অত্যন্ত উদ্বেগজনক।”
তারা আরও বলেন, সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, অনিয়ম-অসঙ্গতি এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কথা তুলে ধরতে প্রতিনিয়ত দায়িত্ব পালন করে যাচ্ছেন। কর্তব্যরত অবস্থায় গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত করার অপচেষ্টা এবং ক্যারিয়ার ধ্বংসের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি মহল সাংবাদিকদের বিরুদ্ধে ট্যাগিং ও ভীতিকর পরিস্থিতি তৈরি করে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করছে। তারা বলেন, কোনো ধরনের ট্যাগিং বা আতঙ্ক সৃষ্টি করে স্বাধীন সাংবাদিকতা ব্যাহত করা যাবে না।
বিবৃতিতে তারা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ক্যাম্পাসে কর্মরত সকল সাংবাদিকের পেশাগত নিরাপত্তা ও স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।