সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য ‘টিউশন মিডিয়া’ আনল ছাত্রদল

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৬:৩০ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের আর্থিক টানাপোড়েন লাঘব এবং গৃহশিক্ষকতার সুযোগ সহজ করতে টিউশন মিডিয়া চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ‘NSTU Tutor JCD’ নামে এই উন্মুক্ত প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন এলাকায় টিউশনের তথ্য জানতে ও খুঁজে নিতে পারবেন।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসা অনেক শিক্ষার্থীই মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। পড়াশোনার পাশাপাশি খরচ চালাতে তাদের বড় একটি অংশকে গৃহশিক্ষকতার ওপর নির্ভর করতে হয়। কিন্তু অনেক সময় নির্ভরযোগ্য মাধ্যমের অভাবে শিক্ষার্থীরা টিউশন খুঁজে পেতে নানা ধরনের সমস্যার মুখে পড়েন। আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন টিউশন মিডিয়ার মাধ্যমে প্রতারণার শিকার হওয়ার ঘটনাও ঘটে। এসব বিষয় বিবেচনায় রেখে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উন্মুক্ত টিউশন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেয় নোবিপ্রবি শাখা ছাত্রদল।

ছাত্রদল সূত্রে জানা যায়, ‘NSTU Tutor JCD’ প্ল্যাটফর্মে নোয়াখালী শহর ও আশপাশের এলাকার বিভিন্ন টিউশনের তথ্য নিয়মিত আপডেট করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজেই টিউশনের সুযোগ খুঁজে নিতে পারবেন। একই সঙ্গে স্থানীয় অভিভাবকেরাও প্রয়োজনে এখান থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৃহশিক্ষক হিসেবে খুঁজে নিতে পারবেন।

এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। শিক্ষা বিভাগের শিক্ষার্থী ইফতেখার উদ্দিন আসিফ বলেন, ‘নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আমাদের মতো অনেক শিক্ষার্থীকেই পড়াশোনার পাশাপাশি টিউশনি করতে হয়। কিন্তু অনেক সময় টিউশন খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। ছাত্রদলের এই উদ্যোগটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে মনে করি।’

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে অনেক শিক্ষার্থীকেই নিজের খরচ নিজেকেই সামলাতে হয়। টিউশনই আমাদের অনেকের জন্য প্রধান আয়ের উৎস। কিন্তু নির্ভরযোগ্যভাবে টিউশন পাওয়া সব সময় সহজ হয় না। এমন একটি প্ল্যাটফর্ম থাকলে শিক্ষার্থীরা সহজে টিউশন খুঁজে পাবে এবং প্রতারণার ঝুঁকিও কমবে।’

নোবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসে। পড়াশোনার খরচ চালাতে তাদের অনেককেই টিউশনের ওপর নির্ভর করতে হয়। কিন্তু নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের অভাবে তারা নানা সমস্যায় পড়ে। শিক্ষার্থীদের এই বাস্তবতা এবং নোয়াখালী অঞ্চলের স্কুল-কলেজ শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় আমরা ‘NSTU Tutor JCD’ নামে একটি উন্মুক্ত ও বিশ্বাসযোগ্য টিউশন প্ল্যাটফর্ম চালু করেছি। এখানে ছাত্রদলসহ বিশ্ববিদ্যালয়ের সব সাধারণ শিক্ষার্থীর জন্য সুযোগ থাকবে।’

নোবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজন এবং নোয়াখালী অঞ্চলে শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখার চিন্তা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের বিশ্বাস, এই টিউশন মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নোবিপ্রবির শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি স্থানীয় শিক্ষার্থীরাও দক্ষ গৃহশিক্ষক পাওয়ার সুযোগ পাবে।’

তিনি আরও বলেন, ‘এই সেবাটি ভবিষ্যতেও সবার জন্য উন্মুক্ত রাখা হবে এবং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী প্ল্যাটফর্মটি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।’

নোবিপ্রবি ছাত্রদলের এমন উদ্যোগকে কল্যাণমূলক উল্লেখ করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কার্যক্রম ও কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে চালু হওয়া “NSTU Tutor JCD” নামক ওয়েবসাইটকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা ও টিউশন সুযোগ নিশ্চিত করার এই ভিন্নধর্মী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সময়োপযোগী।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন