শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে সাইবার বুলিংয়ের অভিযোগে শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম
অভিযুক্ত শিক্ষার্থী গোলাম রাব্বানী
expand
অভিযুক্ত শিক্ষার্থী গোলাম রাব্বানী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং, অশালীন ভাষা ব্যবহার ও হুমকিমূলক আচরণের অভিযোগে অভিযুক্ত এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী গোলাম রাব্বানীর বিরুদ্ধে সাইবার বুলিং, অশালীন ভাষা ব্যবহার এবং হুমকিমূলক আচরণের অভিযোগ ওঠে।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের “ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮”-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করতে পারবেন না বলে আদেশে উল্লেখ করা হয়।

এদিকে একই অভিযোগের বিষয়ে তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করেছে প্রশাসন। কমিটির সভাপতি করা হয়েছে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানাকে।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহকারী প্রক্টর মো. আল-আমিন খান, সহকারী প্রক্টর সামসুন্নাহার খন্দকার, সহকারী প্রক্টর সাহাদাত হোসেন এবং সদস্য-সচিব প্রক্টর অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. সোহেল রানা।

গঠিত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন