মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন 

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ (নোবিপ্রবি) ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন
expand
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ (নোবিপ্রবি) ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ (নোবিপ্রবি) ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে ফ্যাসিবাদের চর্চা ও পুনরুত্থানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। বক্তারা অভিযোগ করেন, প্রশাসন বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা করছে এবং এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর সভাপতি ড. শফিকুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে সংহতি জানাতেই তাঁরা উপস্থিত হয়েছেন। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রশাসনের দুর্নীতি ও জামায়াতিকরণের অভিযোগ তুলে তিনি বলেন, এসব বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে তাঁরা আন্দোলনে রয়েছেন। এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।

সাদা দলের সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর সরকার বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা উচিত। অপরাধ করলে বিচার হবে—এ নীতিতে তাঁরা বিশ্বাসী বলে উল্লেখ করেন তিনি। তবে প্রশাসন এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হলেও ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠনের নেতারা কর্মসূচিতে উপস্থিত হননি। তিনি প্রশ্ন তোলেন, এতে কী বার্তা যায়। তিনি আরও বলেন, জুলাইয়ের পর ক্যাম্পাসে ফ্যাসিবাদের পক্ষ নেওয়ার রাজনীতি কঠিন করে দেওয়া হবে। অতীতের বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এ প্রশ্নও তোলেন তিনি।

বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিতর্কিত ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা ক্যাম্পাসে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে দৃঢ় অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং প্রশাসনের দ্রুত পদত্যাগের দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X