শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তপ্ত পরিস্থিতিতে নোবিপ্রবি রেজিস্ট্রারের পদত্যাগ

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম
তামজিদ হোসাইন চৌধুরী
expand
তামজিদ হোসাইন চৌধুরী

উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় রেজিস্ট্রার দপ্তর একটি গুরুত্বপূর্ণ পদ। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এ দপ্তর সমন্বয়কের ভূমিকা পালন করে। তাঁর পদত্যাগের খবরে ক্যাম্পাসে আলোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তিনি তাঁর অফিসিয়াল ফোনটি জমা দিয়েছেন। এর বাইরে আমরা কিছু বলতে পারছি না।”

রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী মুঠোফোনে বলেন, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যাপক চাপের মধ্যে থাকতে হয় এবং ব্যক্তিগত সময়ের অভাব দেখা দেয়। মানসিক ও শারীরিক সুস্থতার বিষয় বিবেচনায় তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, “পদত্যাগপত্র এখনো আমার কাছে আসেনি। পত্রটি এলে তখন বিষয়টি দেখা হবে।”

উল্লেখ্য, গতকাল বুধবার নানা অনিয়ম, দুর্নীতি ও বিশ্ববিদ্যালয়কে ‘দলীয়করণ’-এর অভিযোগ এনে আগামী সাত দিনের মধ্যে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দেয় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন নোবিপ্রবি সাদা দল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X