

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের উদ্যোগে এবং সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে “আমার ভাষায় আমার গল্প ও কুইজ প্রতিযোগিতা”।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই আয়োজন। একুশের চেতনাকে ধারণ করে মাতৃভাষার মর্যাদা অটুট রাখার অঙ্গীকারেই এ আয়োজন। শুরুতেই ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন শিক্ষার্থীরা।
প্রথম পর্বে ছিল ভিন্নধর্মী আয়োজন। হলের বিভিন্ন অঞ্চল ও আদিবাসী জনগোষ্ঠী থেকে আগত শিক্ষার্থীরা নিজ নিজ আঞ্চলিক ভাষায় একুশের স্মৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা ও গল্প তুলে ধরেন। ভাষার ভিন্নতা থাকলেও আবেগ ছিল এক ও অভিন্ন। কার্যনির্বাহী সদস্য পপি রাণী ক্লিওপেট্রা নিজ অঞ্চলের ভাষায় গল্প শোনালে উপস্থিতদের মাঝে তৈরি হয় উচ্ছ্বাস ও অনুভূতির মেলবন্ধন।
পরবর্তী পর্বে অনুষ্ঠিত হয় ভাষা আন্দোলনভিত্তিক কুইজ প্রতিযোগিতা। প্রশ্নোত্তরের মধ্য দিয়ে উঠে আসে ভাষা আন্দোলনের ইতিহাস, শহিদদের আত্মত্যাগ ও একুশের তাৎপর্য। প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে জমে ওঠে পুরো আয়োজন। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সাধারণ সম্পাদক শিমু আক্তার।
হল সংসদের সাধারণ সম্পাদক মোছা. রুকু খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ফারিহা নওশীন। তিনি বলেন, মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি।
সমাপনী বক্তব্যে হল সংসদের সহ-সভাপতি সানজানা আক্তার চৌধুরী (রাত্রি) ভাষা শহিদদের আদর্শ ধারণ করে নিজ নিজ ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
গল্প, স্মৃতিচারণা ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার সমন্বয়ে একুশের চেতনায় ভরপুর এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন অনুপ্রেরণা জাগিয়ে তোলে।
মন্তব্য করুন
