

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় প্রবেশের সময় এক হাজতির কাছে থাকা পাউরুটির ভেতর থেকে তিনটি গাঁজার পুরিয়া ও তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর সংশ্লিষ্ট হাজতি মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (০২ আগস্ট) নিয়মিত হাজিরার জন্য মামুনকে আদালতে আনা হয়। শুনানি শেষে তাকে হাজতখানায় ফিরিয়ে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে এক স্বজন তার হাতে একটি পাউরুটি দেন। পরে হাজতখানার প্রবেশমুখে নিরাপত্তা তল্লাশির সময় দায়িত্বরত সদস্যদের সন্দেহ হলে তার সঙ্গে থাকা পাউরুটি পরীক্ষা করা হয়। তখন এর ভেতর থেকে কাগজে মোড়ানো তিনটি গাঁজার পুরিয়া ও তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দায়িত্বে থাকা কনস্টেবল শাহেদ জানান, আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে সাধারণত বাইরে থেকে দেওয়া খাবার বা কোনো বস্তু ভেতরে নেওয়ার অনুমতি থাকে না। তবে মানবিক কারণে স্বজনের দেওয়া পাউরুটি গ্রহণ করা হলেও হাজতখানার গেটে নিয়ম অনুযায়ী তল্লাশি চালানো হয়। তখন এই মাদকগুলো পাওয়া যায়।
এদিকে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, ঘটনার প্রকৃত চিত্র জানতে আদালত প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। কে খাবারটি দিয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে হাজতিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।