

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা জেলা প্রশাসনের বিশেষায়িত সেবার ডিজিটালাইজড প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’র মাধ্যমে আবেদন করে কর্মসংস্থানের নতুন স্বপ্ন বুনেছেন ঢাকা জেলার দোহার উপজেলার ১৪ জন দুস্থ, অসহায় ও দরিদ্র নারী। তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (০২ আগস্ট) ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম উপকারভোগী নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সেলাই মেশিনগুলো তুলে দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, 'হ্যালো ডিসি' অ্যাপ বা প্ল্যাটফর্মে সহায়তা চেয়ে প্রাপ্ত আবেদনগুলোর মধ্য থেকে দোহার উপজেলা প্রশাসন মাঠপর্যায়ে আবেদনকারীদের আর্থসামাজিক অবস্থা নিবিড়ভাবে যাচাই-বাছাই করে। যাচাই প্রক্রিয়া শেষে প্রকৃত দুস্থ ও অসহায় ১৪ জন নারীকে সেলাই মেশিন প্রদানের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, 'সরকারের সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়নের উদ্যোগকে আরও গতিশীল ও কার্যকর করতে জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য শুধু সাময়িক সহায়তা দেওয়া নয়, বরং দুস্থ মানুষের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের পুরোপুরি স্বাবলম্বী করে তোলা।'
তিনি আরও বলেন, "‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে একদম প্রান্তিক ও প্রকৃত অসহায় মানুষের কাছে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।"
উপকারভোগীদের প্রতি আশাবাদ ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, 'আমরা আশা করছি, এই সেলাই মেশিনগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে নারীরা তাদের নিজেদের ও পরিবারের আর্থিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবেন এবং সমাজে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলবেন।'
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ‘হ্যালো ডিসি’র কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত আবেদন গ্রহণ, মাঠপর্যায়ে নিরপেক্ষ যাচাই-বাছাই এবং প্রয়োজন অনুযায়ী অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা প্রদান করা হবে।