

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি দেখতে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (২ আগস্ট) ডিএনসিসির এক সংবাদবার্তায় এ অভিযোগ জানানো হয়। একই তথ্য প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
ডিএনসিসির দাবি, সকালে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার খবর পেয়ে প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে যান। সেখানে তারা ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাইলে একটি কারখানা থেকে বেরিয়ে আসা কয়েকজন ব্যক্তি তাদের লক্ষ্য করে হামলা চালায়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমস্যার সমাধানের চেষ্টা চলাকালে প্রশাসক ও সংসদ সদস্যকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে তারা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন এবং শারীরিকভাবে কেউ আহত হননি।
ঘটনার পর প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে প্রশাসক দায়িত্ব পালনরত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।