শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মমুখী শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার দাবি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বৈশ্বিক অনিশ্চয়তা বাড়ার প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির পথে বিদ্যমান মৌলিক প্রতিবন্ধকতা দূর করতে কর্মমুখি শিক্ষা প্রদান ও যুবসমাজকে বাধ্যতামূলক ভাবে সামরিক প্রশিক্ষণ প্রদানের দাবিতে নাগরিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ঊষা চত্বরে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

নাগরিক কর্মশালায় সংগঠনের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা আল ইহযায এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লে. কর্নেল খন্দকার ফরিদুল আকবর অবঃ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল হাসিনুর রহমান অবঃ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর হারুনুর রশিদ অবঃ, এডভোকেট জাকির সিরাজী, আলহাজ্ব শরিফ শাকি, মো. হাবিবুর রহমান, মো, আজম খান, এম এ সোহেল আহমেদ, এস এম সায়েদুল ইসলাম, সেলিম রেজা বাচ্চু, শাহ আলম, কবি ডা.জান্নাতুল ফেরদৌসী, জহিরুল কবির প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে এখন বেকার মানুষের সংখ্যা রয়েছে ২৬ লাখ ৬০ হাজার। দেশে বেকারত্বের হার ৪ দশমিক ৬৩ শতাংশ। এদিকে শিক্ষিত যুবকদের মধ্যে বেকারের হার প্রায় ৮৭ শতাংশ। এর মধ্যে বেশির ভাগই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায় বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার বেশি। যে হারে প্রতি বছর উচ্চ শিক্ষিত লোক বাড়ছে সে হারে কর্মসংস্থান না থাকায় শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

বক্তারা বলেন, আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী না হওয়ায় উচ্চ শিক্ষা শেষ করে সবাই চাকুরীর পেছনে ঘুরে। নিজে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করে না। শিক্ষিত লোকের তুলনায় চাকুরী অপর্যাপ্ত হওয়ায় ক্রমেই বেকারত্ব বাড়ছে। শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করে গড়তে পারলে উচ্চ শিক্ষা শেষে সবাই চাকুরীর পেচনে না ঘুরে নিজেই কর্মসংস্থান গড়ে তুলতে প্রয়াস পাবে। তাই বেকারত্ব দূর করতে শিক্ষা ব্যবস্থা কর্মমুখী হওয়ার বিকল্প নেই।

আলোচনায় বৈশ্বিক পরিস্থিতিও উঠে আসে। বক্তাদের মতে, যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক অস্থিরতার কারণে বিশ্ব এখন পরিবর্তনশীল অবস্থার মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে তরুণদের দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা জরুরি।

এ সময় তারা কিছু দেশের উদাহরণ টেনে বলেন, চীন, রাশিয়া, কিউবা, সুইজারল্যান্ড, ডেনমার্ক ও নরওয়েসহ বেশ কিছু দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বা যুবকদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়।

বক্তারা দাবি করেন, দেশে তরুণদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু করা হলে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব গড়ে উঠবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করার ওপরও তারা জোর দেন, যাতে তরুণরা শুধু চাকরির ওপর নির্ভর না করে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন