রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম
সীমান্ত
expand
সীমান্ত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সীমান্ত নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাকে উদ্ধারের পর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, নিহত সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের সদরুল আমিনের সন্তান।

নিহতের চাচা রুহুল আমিন জানান, সীমান্ত ওই বাসায় সাবলেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। তার রুমমেটের বরাত দিয়ে তিনি জানান, গত রাত নয়টার পর থেকে সীমান্ত নিজের কক্ষের দরজা বন্ধ করে রেখেছিল। কিছু সময় পেরিয়ে গেলেও কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়।

পরে বাড়ির মালিক দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা জানান, সীমান্ত আর বেঁচে নেই।

রুহুল আমিন আরও জানান, অচেতন অবস্থায় সীমান্তকে হাসপাতালে নেওয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ আসছিল। এতে তাদের ধারণা, ওই বিষাক্ত দ্রব্য খেয়ে সীমান্ত আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি এই কাজটি করেছেন, সে বিষয়ে তারা কিছু জানতে পারেননি।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন