

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটি। সেই হিসেবে সোমবার (১৬ মার্চ) ছিল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শেষ কার্যদিবস।
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সড়ক ও রেলপথের পাশাপাশি নৌপথেও বাড়ির পথে রওনা হয়েছেন যাত্রীরা। ফলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বেড়েছে যাত্রীদের ভিড়। এখান থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৩৬টি রুটে ছোট-বড় লঞ্চ চলাচল করছে।
সন্ধ্যায় সদরঘাটে গিয়ে দেখা যায়, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ঘরমুখো যাত্রীদের উপস্থিতি বেড়েছে। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, আগের বছরের তুলনায় এবার যাত্রীর চাপ এখনও তুলনামূলক কম।
বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মোবারক হোসেন বলেন, আজ যাত্রীর চাপ তুলনামূলক কম। তবে আগামীকাল সকাল থেকে তা আরও বাড়তে পারে। বর্তমানে ৪১টি রুটের মধ্যে ৩৬টি রুটে রাত পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০টি লঞ্চ ছেড়ে যাবে।
বরিশালগামী যাত্রী মারুফ বলেন, পরিবার নিয়ে লঞ্চে যাত্রা আরামদায়ক হওয়ায় অনেকেই নৌপথ বেছে নিচ্ছেন। লঞ্চের ভাড়া আগের মতোই রয়েছে।
এদিকে রাজধানীর ভেতরে যানজটের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষকে। বেশ কয়েকজন জানিয়েছেন, গুলিস্তান থেকে রায় সাহেব বাজার পর্যন্ত বাসে এলেও শেষ অংশে রিকশা বা হেঁটে সদরঘাটে পৌঁছাতে হয়েছে তাদের।
ভোলার বোরহানউদ্দিনগামী ‘গাজী সালাউদ্দিন’ লঞ্চের সুপারভাইজার কবির আহমেদ বলেন, আজ অফিস-আদালত বন্ধ হওয়ায় যাত্রীচাপ কিছুটা বেড়েছে। আগামীকাল তা আরও বাড়বে বলে আশা করছি। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য সড়কপথের তুলনায় নৌপথ বেশি স্বস্তিদায়ক এবং ভাড়াও তুলনামূলক কম।
এদিকে নতুন সরকারের সময়ে যাত্রীসেবার মান উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঈদকে সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের জন্য ফ্রি কুলি (প্রোটার) সেবা, ট্রলি ও হুইলচেয়ার সুবিধা চালু করা হয়েছে।
বিআইডব্লিউটিএর বন্দর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, নতুন সরকারের সময়ে যাত্রীদের কল্যাণে উন্নত সেবা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আগে সদরঘাটের উপরের অংশ কিছুটা পরিষ্কার থাকলেও ভেতরের অবস্থা তেমন ভালো ছিল না। এবার পুরো এলাকায় পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। ফলে এখন সদরঘাট অনেক বেশি সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন।
ঈদযাত্রাকে কেন্দ্র করে সদরঘাট লঞ্চঘাট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কোতোয়ালি-সূত্রাপুর জোনের সহকারী পুলিশ কমিশনার নাজিম উদ্দিন আল আজাদ জানান, ঈদে লঞ্চযাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারেন, সেজন্য অতিরিক্ত ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন।
তিনি আরও জানান, যানজট কমাতে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত টার্মিনাল এলাকায় পণ্যবাহী ট্রাক চলাচল সীমিত করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে।
এদিকে টার্মিনালে প্রবেশের আগে বাংলাবাজার মোড়ে রিকশা, ভ্যান ও ব্যক্তিগত গাড়ি একক লেনে চলাচল করছে। এসব যানবাহন টার্মিনালের সামনে দিয়ে ঘুরে কোতোয়ালি থানার সামনের রাস্তা দিয়ে বের হচ্ছে। গত তিন দিন আগে থেকে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য।
মন্তব্য করুন