

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঈদুল ফিতরকে সামনে রেখে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইসলামপুর পাইকারি কাপড় বাজারে বাড়ছে কেনাবেচা। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই খুচরা ব্যবসায়ীরা আসছেন এ বাজারে। রোজার শুরুতে বেচাকেনা কিছুটা ধীর থাকলেও ১০ রমজান থেকে বাজার পুরোপুরি চাঙ্গা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
রাজধানীর সবচেয়ে বড় পাইকারি কাপড়ের এ বাজার বছরজুড়েই সরগরম থাকে। তবে ঈদকে ঘিরে লেনদেন কয়েকগুণ বেড়ে যায়। শাড়ি, থ্রি-পিস, শার্ট-প্যান্ট, পাঞ্জাবি ও শিশুদের পোশাকের পাইকারি কেনাবেচায় এখন ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।
পাইকারী বিক্রেতাদের বলছেন, দেশীয় তৈরি কাপড়ের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি ডিজাইনের পোশাকের চাহিদা রয়েছে। বিশেষ করে পাকিস্তানি ডিজাইনের থ্রি-পিস ও পাঞ্জাবির দিকে ক্রেতাদের ঝোঁক বেশি।
ইসলামপুর কাপড় ব্যবসায়ী সমিতির সদস্য আব্দুল মালেক বলেন, রমজানের আগেই পাইকারি বেচাকেনা শুরু হয়। এবারও দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ব্যবসায়ী আসছেন। নতুন ডিজাইনের কালেকশনের চাহিদা বেশি।
স্থানীয় ব্যবসায়ী নেতা হাফিজুর রহমান জানান, পরিবহন ব্যয় ও কাঁচামালের দাম বাড়ায় খরচ কিছুটা বেড়েছে। ফলে কাপড়ের দামও সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে মান ভালো থাকায় ক্রেতাদের আগ্রহ রয়েছে।
গুলশানারা সিটি মার্কেটের পুম্পা গার্মেন্টসের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, অনেকে একবারে বড় পরিমাণে মাল নিচ্ছেন। আবার কারও স্টক শেষ হলে পুনরায় এসে কিনছেন। এতে বাজারে লেনদেনের গতি বজায় আছে।
শার্ট ও পাঞ্জাবি কাপড় ব্যবসায়ী আব্দুল খালেক জানান, আর কয়েকদিন পর থেকে বিক্রি আরও বাড়বে। পুরো রমজানে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হবে বলে তাদের প্রত্যাশা।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হলেও ঈদ পর্যন্ত কঠোর নজরদারি প্রয়োজন। ইসলামপুর ব্যবসায়ী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, ব্যবসা সচল রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।
এদিকে ইসলামপুর এলাকার একটি অংশ ঢাকা-৬ আসন-এর অন্তর্ভুক্ত। স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সম্প্রতি সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করে আইনশৃঙ্খলা, ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মন্তব্য করুন
