

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ও টানা ছুটির সুবিধা নিতে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া টানা ছুটিকে কেন্দ্র করে আজ থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে কলকারখানা, অফিস ও আদালত বন্ধ হওয়ার পর বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। বাস কাউন্টারে দীর্ঘ সময় ধরে উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে। যাত্রী চাপ সামাল দিতে মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি বাস চলাচল করলেও, বিভিন্ন স্থানে গাড়ির জটলা ও ধীরগতি তৈরি হয়েছে।
যানবাহনের অভাবের কারণে কেউ কেউ ট্রাক বা পিকআপে চড়ে রওয়ানা দিয়েছেন। এছাড়া কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও এসেছে। মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আগেই সাধারণ ছুটি হিসেবে ঘোষিত ছিল। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে আগামীকাল ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও টানা পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে। ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না। শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি থাকায়, ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, এটি শিক্ষাপ্রতিষ্ঠানের বছরের প্রথম বড় ছুটি। নির্বাচনের দিনসহ মোট পাঁচদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও সাধারণ ছুটি থাকবে।
মন্তব্য করুন

