সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একযুগ পেরিয়ে ইউএস-বাংলা: ২১ নতুন বোয়িং নিয়ে মেগা পরিকল্পনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:২০ পিএম আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১০:২১ পিএম
বক্তব্য রাখেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত
expand
বক্তব্য রাখেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রতিষ্ঠার ১২ বছর পূর্ণ করে ১৩তম বছরে পদার্পণ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ২০২৭ সালের মধ্যে প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হবে আরও ২১টি সম্পূর্ণ নতুন বোয়িং উড়োজাহাজ। এর পাশাপাশি মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি নতুন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথাও জানান তিনি।

রোববার (১৯ জুলাই) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘২০১৪ সালে যশোর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করা ইউএস-বাংলা বর্তমানে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থায় পরিণত হয়েছে। এই সাফল্যের পেছনে যাত্রীদের আস্থা, সরকারের নীতিগত সহায়তা, নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতা, ব্যবসায়িক অংশীদারদের সমর্থন এবং চার হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর নিরলস পরিশ্রম রয়েছে।’

বক্তব্যে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি আধুনিক উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ৩টি এয়ারবাস A330-300, ৯টি বোয়িং 737-800 এবং ATR 72-600 উড়োজাহাজ। এসব উড়োজাহাজ দিয়ে দেশের ৬টি অভ্যন্তরীণ এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে প্রতিদিন প্রায় ১০০টি ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, নিরাপত্তা, সেবার মান, পরিচালন দক্ষতা ও যাত্রীসন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ইউএস-বাংলা পরিচালিত হচ্ছে। বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে IATA ও IOSA-এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি, যা তাদের নিরাপত্তা ও পরিচালন সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর ইউএস-বাংলাই প্রথম দেশীয় এয়ারলাইন্স, যারা চীনের কোনো গন্তব্য, ভারতের চেন্নাই এবং মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক ফ্লাইটে ১৫ মিনিটের মধ্যে লাগেজ সরবরাহের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি।

লিখিত বক্তব্যে তিনি জানান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) অন্যতম দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে বহরে ১৫টি Boeing 737-8 এবং ৬টি Boeing 737-800NG যুক্ত হবে। নতুন প্রজন্মের এসব উড়োজাহাজ জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং উন্নত প্রযুক্তিনির্ভর হওয়ায় যাত্রীসেবার মান আরও বাড়বে। একই সঙ্গে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কাঠমান্ডু, কলম্বো, হংকং, মালয়েশিয়ার জোহর বাহরু এবং পেনাংয়ে নিয়মিত ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে আন্তর্জাতিক রুটে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ও ইউএস-বাংলার সম্মিলিত মার্কেট শেয়ার মাত্র ২৫ শতাংশ, বাকি প্রায় ৭৫ শতাংশ বিদেশি এয়ারলাইন্সের দখলে। দেশীয় এয়ারলাইন্সগুলোর সক্ষমতা বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ইউএস-বাংলার কর্পোরেট দর্শন হলো—Safety First, Service Excellence, Operational Efficiency এবং Sustainable Growth। নিরাপত্তায় আপসহীন থেকে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করে ইউএস-বাংলাকে বৈশ্বিক আকাশপথে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই প্রতিষ্ঠানের লক্ষ্য।

সংবাদ সম্মেলনের শেষে তিনি যাত্রী, শেয়ারহোল্ডার, ব্যবসায়িক অংশীদার, বাংলাদেশ সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, দেশি-বিদেশি সহযোগী প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন