বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৫ হাজার বৃক্ষরোপণ করবে ব্র্যাক ব্যাংক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০১:৩১ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারা রোপণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারা রোপণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন

ব্র্যাক ব্যাংক পিএলসির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।

ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কর্মসূচির আওতায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে অবদান রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার (১৯ মে) দুই হাজার চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় ৩০টি বিরল ও বিলুপ্তপ্রায়, ৫৫টি ফুলজ, আটটি ফলদ, ২০টি কাঠজাতীয় এবং আটটি ঔষধি গাছ লাগানো হয়।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ কর্মসূচির আওতায় রোপণকৃত বৃক্ষগুলো আগামী এক দশকে প্রায় ৫০০ টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে সক্ষম হবে। এর মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাসের পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের ইতিবাচক উন্নয়নেও ভূমিকা রাখবে এ উদ্যোগ।

কর্মসূচির আওতায় দেশের ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে মোট ১১৭ প্রজাতির বৃক্ষরোপণ করবে ব্র্যাক ব্যাংক। এর মধ্যে রয়েছে দেশীয়, বিরল ও বিলুপ্তপ্রায়, ঔষধি, ফলদ, ফুলজ ও কাঠজাতীয় গাছ। জলবায়ু সহনশীল প্রজাতিকেও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এখানে।

কর্মসূচি সম্পর্কে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, আমরা অব্যবহৃত স্থানগুলোকে সবুজ পরিবেশে রূপান্তর করতে চাই; যা মানুষ, শিক্ষা ও জীববৈচিত্র্যের জন্য উপকারী হবে।

বিশ্বে জলবায়ু সংকট যখন আরো তীব্র হচ্ছে, তখন এমন উদ্যোগের মাধ্যমে একটি সহনশীল ও সবুজ বাংলাদেশ গড়ার উদাহরণ তৈরি করতে চায় ব্র্যাক ব্যাংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মসূচির আওতায় রোপণকৃত গাছগুলোর দীর্ঘমেয়াদি টিকে থাকা নিশ্চিত করতে নিয়মিত তদারকির ব্যবস্থা রাখা হয়েছে।

উদ্যোগের অগ্রগতি সম্পর্কে অংশীদার প্রতিষ্ঠান ও বৃক্ষরোপণ সংগঠন ত্রৈমাসিক প্রতিবেদন দেবে এবং ব্র্যাক ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন