মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ বছরেও মেলেনি বিচার, একমাত্র সন্তান হত্যার রায়ের অপেক্ষায় বৃদ্ধ বাবা-মা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ব্যবসায়ী আবদুর রাজ্জাক(৩০) হত্যা মামলার ১১ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বহুল আলোচিত এ মামলার বিচার কার্যক্রম। আদালতে সাক্ষ্যগ্রহণ শেষ হলেও রায় ঘোষণা না হওয়ায় হতাশা ও উদ্বেগে দিন কাটছে নিহতের পরিবারের সদস্যদের।

২০১৫ সালের ১৪ জুলাই সখীপুর পৌরসভার ফাহিম সুপার মার্কেটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী আবদুর রাজ্জাককে। ঘটনার এক যুগের কাছাকাছি সময় পেরিয়ে গেলেও সেই বিভীষিকা আজও ভুলতে পারেননি তাঁর স্বজনরা।

পরিবারের সদস্যরা জানান, রাজ্জাক ছিলেন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। ছেলেকে হারানোর শোক আজও বয়ে বেড়াচ্ছেন তাঁরা। বৃদ্ধ বাবা-মায়ের জীবনের শেষ ভরসাটুকুও কেড়ে নিয়েছে এই হত্যাকাণ্ড। দীর্ঘ ১১ বছর ধরে তাঁরা আদালতের রায়ের অপেক্ষায় প্রহর গুনছেন।

আদালতের নথি অনুযায়ী, এ মামলার অভিযুক্ত আসামিরা হলেন—রুবেল মিয়া (৩০), শাহ আলম (৩৩), নাছির উদ্দিন (২৬) এবং আশরাফ পাহাড়ী (৬০)।

নিহতের পরিবারের অভিযোগ, মামলার প্রধান আসামি রুবেল মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি এখনো গ্রেপ্তার হননি। পরিবারের দাবি, তিনি পার্শ্ববর্তী ভালুকা এলাকায় অবস্থান করছেন এবং বিদেশে যাওয়ারও চেষ্টা করছেন।

নিহত রাজ্জাকের বাবা শামসুল আলম (৭৫) বলেন, “আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায়বিচার চাই। ১১ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছি। সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে, কিন্তু এখনো রায় ঘোষণা হয়নি। প্রতিদিন শুধু একটি প্রশ্নই আমাদের তাড়িয়ে বেড়ায়—আমাদের ছেলের হত্যার বিচার কি আমরা জীবদ্দশায় দেখে যেতে পারব?”

রাজ্জাকের মা রাজিয়া বেগম (৬৫) বলেন, বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগে পলাতক আসামিরা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। তিনি দ্রুত আসামিদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলার রায় ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

পরিবারের সদস্যদের আশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত মামলার রায় ঘোষণা হবে এবং তাঁদের একমাত্র সন্তানের হত্যার ন্যায়বিচার নিশ্চিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন