

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরোও ১১ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর-থলপাড়া এলাকায় পিকনিকের নৌকায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজন, বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া এলাকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজন ও গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকায় পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে অপরজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে পিকনিকের নৌকায় বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার শ্রমিক রংপুরের সাজ্জাত হোসেন ও শেরপুরের পাকুরিয়া গ্রামের হাসমত মিয়ার ছেলে জিকুল মিয়ার মৃত্যু হয়েছে।
এছাড়া নৌকাযোগে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুশান্ত রাজবংশী ও পাট জাগ দিতে গিয়ে রুস্তম আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ঘটনাসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে নৌভ্রমণে আসেন ৩০ থেকে ৩৫ জনের একটি দল। সন্ধ্যার পর তারা মির্জাপুর থেকে গাজীপুরের উদ্দেশে যাত্রা করে বংশাই নদীর চাকলেশ্বর-থলপড়া অতিক্রম করার সময় নদীর ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে নৌকার ওপরে থাকা কয়েকজন জড়িয়ে পড়েন। এতে এক নারীসহ ৬ জন আহত হয়। উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া অংশের নদীতে মাছ ধরতে গিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সুশান্ত রাজবংশী নামে এক জেলে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।
অপরদিকে গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামে খালে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন রুস্তম আলী নামে এক বৃদ্ধ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে।
পিকনিকের নৌকায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন চারজনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের এজিএম আব্দুল হাই।
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।