মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম
expand
নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণ শেষে আনন্দ উল্লাস করে বাড়ি ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের নির্মম মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে আহতরা কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, শেরপুর জেলার হাসমত মিয়ার ছেলে জিকুল মিয়া (১৮) ও রংপুর জেলার বাসিন্দা সাজ্জাদ হোসেন (২৫)। এদের মধ্যে নিহত জিকুল বিডি ফুড কোম্পানিতে শ্রমিক ও সাজ্জাদ একটি ইটভাটাতে শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে একদল যুবক ও নারী নৌকা ভ্রমণের উদ্দেশ্যে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে ঘুরতে এসেছিলেন। দিনভর আনন্দ-উচ্ছ্বাস শেষে সন্ধ্যায় তারা স্যালুনৌকাযোগে নিজ নিজ গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুরের ফতেপুর-থলপাড়া এলাকায় পৌঁছালে বংশাই নদীর ওই স্থানে আড়াআড়িভাবে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হয়। সেখান থেকে নদীর তীরে এসে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া এক নারী ও ৩ যুবক চিকিৎসাধীন। এদের মধ্যে ২ যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের মেডিকেল অফিসার (ইমার্জেন্সি) ডাঃ এনায়েতুর রহমান।

মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি সুরতাহাল শেষে টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন