বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল জেলায় এপ্রিল মাসের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৮:৫৯ পিএম
expand
টাঙ্গাইল জেলায় এপ্রিল মাসের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

টাঙ্গাইল জেলা পুলিশের এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গত সোমবার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় একাধিক পুলিশ কর্মকর্তাকে শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ নিয়ন্ত্রণে সফল ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

এপ্রিল মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রমে দক্ষ নেতৃত্ব দেওয়ায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

একই মাসে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। থানার সার্বিক কার্যক্রমে দক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় তিনি এ সম্মাননা লাভ করেন।

এছাড়া ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় টাঙ্গাইল সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ভীক্টর ব্যানার্জী, এসআই (নিঃ) রাফিউল করিম এবং এসআই (নিঃ) মো. আবুল বাসারকে শ্রেষ্ঠ রহস্য উদঘাটনকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। জটিল ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দেওয়ায় তারা এ স্বীকৃতি পান।

অন্যদিকে, অধিক সংখ্যক ওয়ারেন্ট তামিল করে বিশেষ কৃতিত্ব অর্জন করায় টাঙ্গাইল সদর থানার এএসআই (নিঃ) মো. বিপুল ইসলামকে এপ্রিল মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতেই প্রতি মাসে এ ধরনের মূল্যায়ন ও সম্মাননা প্রদান করা হয়ে থাকে। কর্মকর্তাদের এই অর্জনে সহকর্মীদের মাঝেও ইতিবাচক কর্মস্পৃহা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন