রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সখীপুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষ, দুই স্কুলছাত্র নিহত 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম
নিহত দুই স্কুলছাত্র
expand
নিহত দুই স্কুলছাত্র

টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। তারা দুজন স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

এ ঘটনায় আহত আরও একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাত ৭টায় সখীপুর-গোড়াই সড়কের তক্তারচালা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলন- মোজাম্মেল হোসেন (১৫) ও ইয়ানুর রহমান (১৫)। আহত মাহির হাসানকে (১৬) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত মোজাম্মেল হোসেন উপজেলার হাতীবান্ধা উত্তরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এবং ইয়ানুর হাতীবান্ধা ইউনিয়নের বালিয়াটা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

তার মা হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিউলী বেগম। নিহত দুজনেই উপজেলা রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তিন বন্ধু বোয়ালী পেট্রল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বাড়ি ফিরছিলেন। তক্তারচালা বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল নিহত হয়। এ সময় ইয়ানুর ও মাহির গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার উত্তরা এলাকায় নেওয়ার পর ইয়ানুরের মৃত্যু হয়।

শনিবার রাত ১১টার দিকে নিহত ইয়ানুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান খান।

এদিকে দুই সহপাঠীর মৃত্যুতে হাতীবান্ধা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারে চলছে শোকের মাতম। বেলা ১০টার দিকে পৃথক দুটি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

সখীপুর থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক পিকআপটি শনাক্ত করার চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন