

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ানপাড়া বাজারে গভীর রাতের নীরবতা ভেঙে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।
মুহূর্তের মধ্যেই দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন শুধু টিনের ঘর আর কাঠের তাকই পোড়ায়নি পুড়িয়ে দিয়েছে দুইটি পরিবারের স্বপ্ন, আশা আর বেঁচে থাকার অবলম্বন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে সাবেক ইউপি সদস্য শাহাদত হোসেনের মনোহারী দোকানে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে সব শেষ।
ব্যবসায়ী শাহাদত হোসেন জানান, তারাবীর নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়িতে খাবার খেতে যান। কিছুক্ষণ পর বিকট শব্দ শুনে ছুটে এসে দেখেন দোকান দাউ দাউ করে জ্বলছে। তিনি বলেন, ঘরের ভেতর থেকে একটা সুই-সুতাও বের করতে পারিনি। অন্তত ১৭-১৮ লাখ টাকার মালামাল ছিল। বেশিরভাগই ঋণের টাকা দিয়ে তোলা। এক রাতের আগুনে আমি পথে বসে গেলাম।
পাশের দোকানের মালিক, ইলেকট্রনিক মেকানিক আব্দুল জলিলও একইভাবে নিঃস্ব হয়েছেন। তার দোকানে লক্ষাধিক টাকার যন্ত্রপাতি ও মালামাল ছিল। খবর পেয়ে বাজারে ছুটে এলেও আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করতে পারেননি।
তিনি বলেন, এই দোকানটাই ছিল আমার সংসারের একমাত্র ভরসা। এখন পরিবার নিয়ে কীভাবে চলবো জানি না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এক রাতের আগুনে দুইটি পরিবার আজ দিশেহারা। ঋণের বোঝা, সংসারের দায় আর অনিশ্চিত ভবিষ্যৎ সব মিলিয়ে তারা এখন অসহায়। স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহানুভূতিশীল দৃষ্টি ও সহায়তা এখন তাদের একমাত্র আশার আলো।
মন্তব্য করুন
