বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে জনসভায় তারেক রহমান: ভোট সুরক্ষায় আগেভাগে প্রস্তুতির আহ্বান

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম
টাঙ্গাইলে জনসভায় তারেক রহমান
expand
টাঙ্গাইলে জনসভায় তারেক রহমান

আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ভোটের আগের দিন থেকেই জনগণকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে আপনার ভোটে অন্য কেউ সিল দিতে না পারে। ভোটাধিকার রক্ষার দায়িত্ব জনগণকেই নিতে হবে।

আজ টাঙ্গাইলে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিকনির্দেশনা। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে এবং নিজেদের ভোট নিজেরাই দিতে হবে।

জনসভায় বক্তব্যে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বিগত সময়ে মেগা প্রজেক্টের নামে দেশে মেগা দুর্নীতি হয়েছে। উন্নয়নের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এসব দুর্নীতির দায় আজ সাধারণ জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে।

তিনি অভিযোগ করেন, এখনও কিছু মহল পরিকল্পিতভাবে ভোট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা বিভিন্ন লোকজন দিয়ে সাধারণ মানুষের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এসব অপচেষ্টার বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তারেক রহমান আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে দেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব নয়। ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হলে প্রতিটি মানুষকে নিজের দায়িত্ব বুঝতে হবে।

জনসভা থেকে তিনি সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভয় নয়, সাহস নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নিতে হবে। জনগণের শক্তিই পারে দেশে সত্যিকারের পরিবর্তন আনতে।

এ সময় জনসভায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দস সালাম পিন্টু, আহমেদ আজম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সদস্য ওবায়দুল হক নাসির ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বক্তব্য দেন।

এছাড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জনসভা শেষে টাঙ্গাইলের ৮ টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X