সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় চালক নিহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম
দুর্ঘটনায় কবলিত ট্রাকটি
expand
দুর্ঘটনায় কবলিত ট্রাকটি

সিরাজগঞ্জের রায়গঞ্জে বেপরোয়া গতিতে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান নামে ডাম্প ট্রাকের এক হেলপার আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) উপজেলার নূর পাম্প থেকে প্রায় ৫০০ মিটার দূরে এস অ্যান্ড বি ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। আহত রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুবাহী ডাম্প ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। স্থানীয়দের দাবি, ওই সময় ডাম্প ট্রাকের হেলপার রায়হান গাড়ি চালাচ্ছিলেন এবং চালক ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির ডাম্প ট্রাকটি সামনে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

এতে গাড়িতে থাকা চালক শরিফুল ইসলাম ও হেলপার রায়হান গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত রায়হান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন