সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমপির গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। সংগঠনটির দাবি, এ ঘটনায় জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

রোববার (১৬ আগস্ট) বিকেলে রায়গঞ্জ পৌরসভার গুনগাতী তালতলা এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. এসএম মুনছুর আলীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজা।

মো. আলী মর্তুজা বলেন, ধানগড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবিকে কেন্দ্র করে ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এটি কোনো দলীয় কর্মসূচি ছিল না। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া জামায়াতে ইসলামী, ছাত্রশিবির বা কোনো রাজনৈতিক সংগঠনকে হামলার জন্য দায়ী করা ঠিক নয়।

তিনি আরও বলেন, ঘটনার সময় স্থানীয় লোকজনের সঙ্গে অশালীন আচরণ ও পরে সংসদ সদস্যের গাড়িতে ঢিল নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ভিন্ন রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলা, উসকানি ও অশালীন আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে টিটিসি স্থাপনের দাবিকে রাজনৈতিক বিরোধে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. সুমন আহমেদ, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. মাসুদ রানাসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন