সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সংসদ সদস্যের গাড়িবহরে হামলার অভিযোগ

এনপিবি নিউজ
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফয়সাল বিশ্বাস নামের একটি আইডি থেকে প্রকাশিত ভিডিওতে এ হামলার অভিযোগ করা হয়।

ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেটকারে এমপি মো. আয়নুল হকের পাশে বসা এক তরুণ গাড়িতে হামলার অভিযোগ করছেন। পরে এমপি নিজেও সেই ভিডিওতে তার ওপর হামলার দাবি করেন। তিনি দাবি করেন, হামলায় গাড়ির কাচ ভেঙে গেছে।

ভিডিওতে এমপি আয়নুল হক বলেন, ‘এসব দুষ্কৃতিকারী দেশের ও মানুষের ক্ষতি করছে। সরকারি দলের নির্বাচিত এমপি হওয়ার পরও আমাদের জানমালের নিরাপত্তা নেই। এনসিপি এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, দ্রুত তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হোক।’

ভিডিওতে আরও অভিযোগ করা হয়, হামলাটি এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা চালিয়েছেন। তবে হামলার ঘটনাটি কোথায় এবং কখন ঘটেছে, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে শনিবার (১৫ আগস্ট) কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় তার গাড়ির কাচ ভেঙে গেছে। এছাড়া এমপির বাড়িতেও ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন