রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতা এবার জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১০:১৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙালা ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ। শনিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করার দিনই তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়।

উপজেলা জামায়াত সূত্রে জানা যায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উল্লাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় বাঙালা ইউনিয়নে চেয়ারম্যান পদে আবু হানিফের নাম রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আবু হানিফ দীর্ঘদিন বাঙালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে চেয়ারম্যান পদে নির্বাচন করায় তিনি দল থেকে বহিষ্কৃত হন। এছাড়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফির আস্থাভাজন হিসেবে পরিচিত থাকায় তিনি পরবর্তীতে দলীয় মনোনয়ন থেকেও বঞ্চিত হন।

এ বিষয়ে আবু হানিফ বলেন, আমি একসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। তবে বর্তমানে আমার সেখানে কোনো পদ নেই। শনিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছি। এরপর দল থেকে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহ জাহান আলি বলেন, আবু হানিফ একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। এরপর তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া এবার সংসদ নির্বাচনে তিনি জামায়াতের পক্ষে কাজ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন