বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরবঙ্গগামী মহাসড়কে যানজটের সম্ভাবনা নেই: অতিরিক্ত ডিআইজি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মুনতাছিরুল ইসলাম
expand
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মুনতাছিরুল ইসলাম

ঈদুল ফিতর উপলক্ষে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছেন উত্তরবঙ্গগামী মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে এখনো বড় কোনো যানজট সৃষ্টি হয়নি।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম প্রান্ত, হাটিকুমরুল গোলচত্বর হয়ে রায়গঞ্জের চান্দাইকোনা পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। অপরদিকে রাজশাহী অভিমুখে সলঙ্গা এবং পাবনাগামী বোয়ালিয়া এলাকাতেও ছিল যানবাহনের চাপ।

ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের পাশাপাশি পণ্যবাহী ট্রাকেও অনেক নিম্নআয়ের মানুষ বাড়ি ফিরছেন। এসব ট্রাকে নারী ও শিশুর উপস্থিতিও চোখে পড়েছে।

ঘরমুখো মানুষের চাপের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেলেও বড় ধরনের যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।

যাত্রীরা জানান, সকালে সড়কে যানজট না থাকলেও পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। সাধারণ সময়ে সিরাজগঞ্জগামী বাস ভাড়া যেখানে প্রায় ৩৫০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মুনতাছিরুল ইসলাম বলেন, পুলিশ উত্তরবঙ্গগামী মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাস্তায় কোনো যানজট হওয়ার সম্ভাবনা নেই। জনগণ যেন নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে, সে জন্য আমরা কাজ করছি। যানজট এড়াতে উত্তরবঙ্গগামী যানবাহনের জন্য বিকল্প সড়ক চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলে এবং চালকরা নিয়ম মেনে চললে ঈদযাত্রা স্বস্তিদায়কই থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন