

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শরীয়তপুরে গোসাইরহাট উপজেলা পরিষদ হলরুমে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে শরীয়তপুর প্রেসক্লাব। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে এবং প্রকৃত ঘটনা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে নিজ কার্যালয় থেকে একটি ভিডিও বার্তায় অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা জানান শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার।
তিনি বলেন, সম্প্রতি কয়েকটি ফেসবুক আইডি ও অনলাইন পোর্টালে দাবি করা হয়, অনুষ্ঠান চলাকালে হুইপ সাংবাদিকদের উদ্দেশে টিস্যুবক্স নিক্ষেপ করেন।
তবে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এ ধরনের দাবি সঠিক নয় এবং ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে সাময়িক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ক্ষোভ প্রকাশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য টিস্যুবক্সটি তার এক দলীয় কর্মীকে উদ্দেশ্য করে নিক্ষেপ করেন। এটি কোনো সাংবাদিককে লক্ষ্য করে করা হয়নি এবং এ ঘটনায় কোনো সাংবাদিক অভিযোগও করেননি।
বিষয়টি শরীয়তপুর প্রেসক্লাবের নজরে আসলে মঙ্গলবার সকালে শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আবুল হোসেন সরদারের সভাপতিত্বে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভা আহ্বান করেন।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নূরুল আমিন রবিন, সহসভাপতি শহিদুল ইসলাম পাইলট, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাকিল, কোষাধ্যক্ষ ছগির হোসেন, দপ্তর সম্পাদক মো. আল-আমিন, প্রচার সম্পাদক জামাল মল্লিক, সমাজকল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য ইসহাক মাদবর, বারেক ভূঁইয়া, মো. মিরাজ সিকদার, মো. সাইফুল ইসলাম ঢালী প্রমুখ।
প্রেসক্লাবের পক্ষ বলা হয়, এ ঘটনায় কোনো সাংবাদিক আনুষ্ঠানিক অভিযোগ করেননি। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর শরীয়তপুর প্রেসক্লাব মঙ্গলবার সকালে একটি জরুরি সভা আহ্বান করে। প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সংগঠনের নেতারা ঘটনাটিকে কেন্দ্র করে প্রকাশিত কিছু সংবাদকে “মিথ্যা ও বানোয়াট” বলে অভিহিত করেন এবং এর প্রতিবাদ জানান।
শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মী ও সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান, তারা যেন সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকেন।
