বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদ উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৮:৫৪ পিএম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদ উদযাপন
expand
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে সাতক্ষীরার প্রায় ২০টির বেশি গ্রামের মানুষ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। এ উপলক্ষে সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী বাউকোলা এলাকায় অনুষ্ঠিত হয় প্রধান ঈদের জামাত।

স্থানীয়রা জানান, বাউকোলা জামে মসজিদে আয়োজিত ওই জামাতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। এতে সদর উপজেলার ইসলামকাটি, ভোঁদড়া, ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গাসহ বিভিন্ন এলাকা এবং কলারোয়া ও পাইকগাছা উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরা অংশ নেন।

ঈদের জামাতে অংশ নেওয়া কলারোয়ার গোয়ালচত্বর এলাকার বাসিন্দা আলি হোসেন বলেন, পরিবারের সদস্যদের নিয়ে সকালেই বাড়ি থেকে রওনা হয়ে তিনি জামাতে যোগ দেন।

নামাজ শেষে খুতবায় মাওলানা মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। এবারও সেই ধারাবাহিকতায় ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করা হচ্ছে।

তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে ভবিষ্যতে সবাই যেন একই দিনে ঈদ উদযাপন করতে পারেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

স্থানীয় মুসল্লিদের দাবি, প্রায় এক যুগ ধরে তারা সৌদি আরবের সময় অনুসরণ করে ধর্মীয় উৎসব পালন করছেন। সেই ধারাবাহিকতায় এবারও দেশের অধিকাংশ স্থানের একদিন আগে ঈদুল আজহা উদযাপন করেছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন