

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমান (৪৫) নামে এক কাঁকড়া ধরতে যাওয়া জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি আকসেদ গাজীর ছেলে।
সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা জেলেরা।
সহযোগী জেলেদের দাবি, তারা সুন্দরবনের শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাক দেন। জেলেরা কাছে না গেলে বনবিভাগের সদস্যরা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান সঙ্গীরা।
ঘটনার বিষয়ে বনবিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সুন্দরবনের ভেতরে বর্তমানে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে বনবিভাগ, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী একযোগে দায়িত্ব পালন করছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, তিনি ইতোমধ্যে খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ), শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানাকে বিষয়টি অবহিত করেছেন। তিনি আরও বলেন, বনবিভাগের ডিএফও আমাকে আশ্বস্ত করেছেন, সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ বিষয়ে বন বিভাগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে সুন্দরবন পশ্চিম’র বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে।