রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে মজুত ২০০ লিটার ডিজেল উদ্ধার করে খোলা বাজারে বিক্রি করলেন ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম
expand
অবৈধভাবে মজুত ২০০ লিটার ডিজেল উদ্ধার করে খোলা বাজারে বিক্রি করলেন ইউএনও

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অপরাধে এক ব্যবসায়ীর গুদাম থেকে ২০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে ভেটখালী বাজারের ‘রাজ স্টোর’ নামক একটি প্রতিষ্ঠানে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে অবৈধভাবে মজুত করে রাখা ২০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অবৈধ মজুতের দায়ে দোকানের মালিক আব্দুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসন আরও জানায়, জব্দকৃত ডিজেলগুলো লিটার প্রতি ১২০ টাকা দরে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছিল, যা বাজার মূল্যের চেয়ে অনেক বেশি। অভিযান শেষে জব্দকৃত পুরো ডিজেল সরকার নির্ধারিত ১০৫ টাকা লিটার দরে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মাঝে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক জানান, স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে গুদামজাত করার খবর পেয়ে এই অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে আমরা একাধিক ‘সোর্স’ নিয়োগ করেছি। সাধারণ মানুষকে জিম্মি করে চড়া দাম আদায়ের চেষ্টা করলে প্রশাসনের এই কঠোর অবস্থান এবং অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন, কামরুল হাসানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন