

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সড়কবাতির নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আহরণের উদ্দেশ্যে ১১ দিনের জন্য ফ্রান্স সফরে যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তার সঙ্গে থাকবেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট। আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত তারা ফ্রান্সে অবস্থান করবেন।
এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে রাসিকের প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী ফ্রান্স সফরে যাবেন।
চিঠিতে বলা হয়েছে, সফরকালে তারা সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন। সেখানে সড়কবাতির আধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে সরাসরি জ্ঞান আহরণ করবেন।
স্থানীয় সরকার বিভাগে সরকারি আদেশ (জিও) জারির জন্য পাঠানো চিঠিতে সূত্র হিসেবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণপত্রের উল্লেখ করা হয়েছে। এছাড়া সফরের ব্যয়ভার প্রতিষ্ঠানটি বহন করবে বলেও চিঠিতে জানানো হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, তাদের প্রতিষ্ঠান ফ্রান্সে উৎপাদিত সড়কবাতি বাংলাদেশে আমদানি করে। পরে বিভিন্ন ডিলারের মাধ্যমে এসব পণ্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। কোনো প্রতিষ্ঠান ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তিগত কার্যক্রম সরেজমিনে দেখার আগ্রহ প্রকাশ করলে তাদের ফ্রান্সে নিয়ে যাওয়া হয়।
তবে রাজশাহী সিটি করপোরেশন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে সড়কবাতি কিনছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, “আমাদের তিন-চারজন ডিলার রয়েছে। এ মুহূর্তে ঠিক কোন ডিলার রাসিককে সড়কবাতি সরবরাহ করছে তা বলতে পারছি না।”
এ বিষয়ে বক্তব্য জানতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিদেশ সফরের জন্য কেবল মন্ত্রণালয়ে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির ব্যাপারে এখনও মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। কাজেই প্রশাসক ও প্রকৌশলী বিদেশ সফরে যাচ্ছেন তা এখনই বলা যাবে না।